আসছে শরত্

শান্ত-সুবোধ মেঘের সারি

আপন মনে দিচ্ছে পাড়ি

চাঁদ-তারাদের টানে।

 

বন-বনানী-পাহাড় ছাড়ি

চলছে যেন শুভ্র গাড়ি

নীল আকাশের পানে।

 

পিক-পাপিয়ার মোহন সুরে

স্নিগ্ধ শরত্ আসছে উড়ে

মিষ্টি-মধুর গানে।

 

ফুলপরিদের আবাস জুড়ে

ভোমরা যত খেলছে উড়ে

সুখ ছড়ানো প্রাণে।

 

পূর্ণিমা চাঁদ মুচকি হেসে

জোছনা রাতের সঙ্গে মেশে

স্বচ্ছ আলো আনে।

 

জুঁই-চামেলি হাওয়ায় ভেসে

কী যেন কী বলছে এসে—

ফিসফিসিয়ে কানে!