রাজশাহীতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধির হার কমেছে​। বুধবার বিকেল তিনটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৭ ঘন্টায় পদ্মার রাজশাহী পয়েন্টে পানি বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিপদসীমার মাত্র ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে পদ্মা। রাজশাহীতে পদ্মা নদীর বিপদসীমা ১৮ দশমিক ৫০ মিটার। 

তবে পদ্মায় পানি বাড়ায় ঢেউয়ে ভাঙছে যেমন পাড়, তেমনি তলিয়ে গেছে চরাঞ্চলের অনেক বাড়ি-ঘর। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চরের মানুষরা গরু-ছাগল নিয়ে ছুটতে শুরু করেছে। ডুবে গেছে হাজার হাজার বিঘা ফসলি জমি। নদীতে পানি বাড়ায় রাজশাহীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আশপাশের এলাকায় আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে উঠছে মানুষ।

এদিকে, পদ্মার পানি বৃদ্ধিতে হুমকির মুখে পড়েছে রাজশাহীর টি বাঁধ। বাঁধ রক্ষায় ফেলা হচ্ছে জিও ব্যাগ। বাঁধটি রক্ষায় ৫০০ বস্তা জিও ব্যাগ ফেলা হয়েছে। এছাড়া পুলিশ লাইনের সামনের বাঁধ রক্ষায় ফেলা হচ্ছে আরও দুই হাজার বস্তা জিও ব্যাগ।

আরও পড়ুন: খুলনায় বাসের চাকায় পিষ্ট হয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

অন্যদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারণে রাজশাহী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। চরাঞ্চলের মানুষ উদ্বেগের মধ্যে বসবাস করছে। জেলার গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘা উপজেলার চরাঞ্চলের অনেক মানুষ এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে।

ইত্তেফাক/নূহু