ভোটার হতে গিয়ে শ্রীঘরে নারীসহ ৩ রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়ায় হালনাগাদ ভোটার তালিকায় নাম উঠাতে গিয়ে নারীসহ তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে। পরে রাতে তিন রোহিঙ্গাকে এক মাস করে জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।

আটকরা হলেন, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের আবদুল হামিদ (৩২), নুর হোসেন (২৮) ও মুর্শিদা বেগম (২৫)। 

উখিয়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের তথ্য সংগৃহীত ও যাচাইকৃত নাগরিকের ভোটার অর্ন্তভূক্তির দিন ছিল বৃহস্পতিবার। এসময় বিকেলে ছবি তুলতে আসা উক্ত ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের আবদুল হামিদ (৩২), নুর হোসেন (২৮) ও মুর্শিদা বেগমকে (২৫) সন্দেহ হলে উখিয়া নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মো. ইসা জিজ্ঞাসাবাদ করেন। এসময় তারা রোহিঙ্গা বলে স্বীকার করলে তিনজনকে বুথ থেকে পুলিশের মাধ্যমে আটক করা হয়।

আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিতাগর কেড়ে নিল ৯ প্রাণ

উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, আটককৃতরা স্বীকার করেছেন যে তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তারা স্থানীয় জনৈক ব্যক্তিকে টাকার বিনিময়ে ভোটার হতে চেয়েছিল বলেও স্বীকার করে। সংশ্লিষ্ট স্থানীয় ব্যক্তিকেও এ ব্যাপারে আইনের আওতায় আনার উদ্যোগ চলছে। আটক রোহিঙ্গাদের নামে ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ বাতিলের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে চিঠি দেয়া হচ্ছে বলেও জানান ইউএনও।

ইত্তেফাক/কেআই