জেলখানায় আসামি হত্যার দায়ে মেহেরপুরের সাবেক জেলার মো. আক্তার হোসেন, সাবেক প্রধান কারারক্ষী আলামিন ও গঞ্জের আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বিকেলে দিকে মামলার আসামিরা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত জামিনের আবেদন করলে বিচারক জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আক্তার হোসেন বর্তমানে পিরোজপুর জেলখানার জেলার হিসেবে দায়িত্ব পালন করছেন। আলামিন যশোর জেলখানার প্রধান কারারক্ষীর দায়িত্ব পালন করছেন এবং গঞ্জের আলী অবসরে গেছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে কৌশলী ছিলেন ইয়ারুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে মেহেরপুর জেলা গাংনী উপজেলার বালিয়া ঘাট গ্রামের জামিরুলকে ২০১৬ সালে ৩ অক্টোবর একটি মাদক মামলায় আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ আক্টোবর তারিখে জামিরুলের জেলখানায় মৃত্যু হয়।
আরও পড়ুন : শারদীয় দুর্গোৎসব আজ শুরু
জেলার মো. আক্তার হোসেন সে সময় জানান, আসামী জামিরুল জেল খানায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার করে। এ ঘটনায় আসামীর স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষ হলেও তদন্ত রিপোটে বলা হয় বিষয়টি রহস্যজনক। এরপর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি যশোর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন।
তিনি তার তদন্ত রিপোটে উল্লেখ করেন নির্যাতনের ফলে আসামি মৃত্যুবরণ করেছেন। আসামি নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন ২০১৩ এর ১৫ ধারায় মামলা রেকর্ড করা হয়।
ইত্তেফাক/কেআই