ব্রাহ্মণবাড়িয়া বখাটে ছেলের অত্যাচারে ঘর ছাড়া বাবা-মা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বখাটে ছেলের অত্যাচারে বাড়ি ছেড়েছেন অসহায় পিতা-মাতা। উপজেলার বুধন্তী ইউনিয়নের খাতাবাড়ী গ্রামের বৃদ্ধ নুর মিয়া ও তার বৃদ্ধা স্ত্রী আনোয়ারা খাতুন অসহায়ভাবে দিন যাপন করছে। পাড়ার মাতাব্বরদের কাছে এ বিষয়ে জানিয়ে কোন সুরাহা না পেয়ে সম্প্রতি আইনের আশ্রয় নিয়েছে এই দম্পত্তি।

মামলা সুত্রে জানা যায়, মাদকাসক্ত হয়ে টাকার জন্য তাদের চতুর্থ ছেলে মোঃ আনু মিয়া দীর্ঘ ধরে তাদেরকে শারিরীক ও মানসিক ভাবে অত্যাচার করে আসছে। বিগত কিছু দিন পূর্বে ধারালো অস্ত্র দিয়ে তার  পিতা নুর মিয়াকে আক্রমণ করে গুরুতর আহত করলে আঘাতপ্রাপ্ত স্থানে তিনটি সেলাই করতে হয়। এলাকার কিছু লোক বিচার ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েও কোন বিচারের ব্যবস্থা করেনি। তার ছেলে আনু মিয়ার নির্যাতন দিন দিন বাড়তে থাকলে উপায়ান্তর না দেখে জীবন বাঁচাতে আইনের আশ্রয় নেয় এই দম্পতি।

আরও পড়ুন: পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে হত্যা

নুর মিয়া বলেন, আমি একজন অসহায় মানুষ। ছেলের অত্যাচারে আজ আমি ঘর ছাড়া। কয়েকদিন আগে সে আমার বুকের উপর উঠে  দা দিয়ে জবাই করে মেরে ফেলার চেষ্টা করে।পরে  আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। আমি কোন কথা বললেই সে মারধর করে।

আনোয়ারা খাতুন বলেন, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি মারাত্মকভাবে আহত হয়ে দীর্ঘ দিন শয্যাশায়ী থাকতে হয়। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেনি। তার অত্যাচারে আমরা ঘর ছেড়েছি। আমরা এর বিচার চাই।

এই দম্পতি জানান,তারা এখন নিজের বাড়ি ছেড়ে সাতবর্গ বাস টার্মিনাল এলাকায় দিন যাপন করছেন ।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অসহায় মানুষদের জন্য বিজয়নগর থানা সর্বোচ্চ সহযোগিতা করবে। আমরা খোজ নিয়ে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

ইত্তেফাক/এমআরএম