শরণখোলায় বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

শরণখোলায় বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্র  কিশোর  নিহত হয়েছে। শুক্রবার সকালে নিহত নাজমুলের (১৪) লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নাজমুল বকুলতলা হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলো।

উপজেলার সাউদখালী ইউনিয়নের সোনাতলা ওয়ার্ড মেম্বার ডালিম হাওলাদার জানান, পূর্ব সোনাতলা গ্রামের হালিম তালুকদারের ছেলে নাজমুল বৃহস্পতিবার দুপুরে বাড়ির অদূরে একটি পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে  নাজমুল বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা  সারাদিন  সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করে তার সন্ধান পায়নি। ওই সময় বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছিলো। তাদের ধারনা বজ্রপাতে নাজমুল পুকুরে  মারা যায়। শুক্রবার সকালে পুকুর মালিক দেলোয়ার হোসেনের স্ত্রী পুকুর পাড়ে সব্জি তুলতে গেলে পানিতে নাজমুলের পা দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্বজনরা এসে কিশোরের লাশ উদ্ধার করে ।

আরও পড়ুন: মেহেরপুরে সন্ত্রাসী দুই গ্রুপে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ জানান, বজ্রপাতে কিশোর মারা যাওয়ার বিষয়টি তাকে কেউ জানায়নি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এমআরএম