জয়পুরহাট-আক্কেলপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন

একবছর আগে শুরু হওয়া জয়পুরহাট-আক্কেলপুর সড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শেষ না হওয়ায় তা দ্রুত বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজে বালুর বদলে মাটি মিশ্রিত বালু দেওয়ার করণে বর্ষা মৌসুমে সড়কটি কাদাযুক্ত হয়ে পড়ে। ফলে ওই সড়কে চলাচলকারী কয়েক হাজার মানুষের দুঃখ-কষ্টের যেন শেষ নেই।

এলাকার সর্বদলীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা শহরের নতুনহাট পয়েন্টে পালন করা মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া লোকজন সংস্কার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি প্রদানসহ জেলা সড়ক ও জনপদ অফিস ঘেরাও করা হবে।

এর আগে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে পরিবহন ধর্মঘট পালন করলেও কাজের কাজ হচ্ছে না ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীর গতির কারণে। সংস্কার কাজ শেষ করতে না পারায় কাদাযুক্ত সড়কে চলাচল করতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

আরও পড়ুন: আখাউড়ায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত

মানববন্ধনে অংশ নেওয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তিতাস মস্তোফা জানান, সড়কের সাব-বেজে বালুর বদলে মাটি মিশ্রিত বালু দেওয়ায় কাদার সৃষ্টি হয়েছে। এই সড়কে সাধারণ মানুষ, বাস-ট্রাক চলাচল করতে পারছে না।

ইত্তেফাক/নূহু