ফুলপুরে খড়ের গাদায় নবজাতক পেলেন দম্পতি

ময়মনসিংহের ফুলপুরে খড়ের গাদায় নবজাতক কুড়িয়ে পেলেন এক দম্পতি। দুইদিন বয়সী ছেলে নবজাতকটিকে মাতৃস্নেহে নিজের সন্তানের মতো কোলে তুলে নিয়েছেন। এই দম্পতির একটি দেড় বছরের শিশু রয়েছে। তাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন এই মা। নতুন শিশুটিও সৌভাগ্যবশত নতুন মায়ের বুকের দুধ পেলো!

হাসিম উদ্দিন ও হোসনা বেগম বেগম দম্পতি ইত্তেফাককে বলেন, তাদের  পাঁচ ছেলে সন্তানের সঙ্গে যুক্ত হলো আরেক সন্তান। নতুন সন্তানের নাম রাখা হয়েছে ইমন। ধারণা করা হচ্ছে, ছেলেটি ভূমিষ্ট হয়েছে দুইদিন আগে। তার নাভি বাঁধা। হয়তো কোন স্বামী পরিত্যক্ত হতভাগ্য মায়ের কোলে জন্মানোই শিশুটির এই পরিণতি। 

নবজাতক  ইমনের দত্তক নেওয়া মা হোসনা বেগম জানান, শুক্রবার ভোরে কয়েকটি কুকুর অস্বাভাবিকভাবে চিৎকার শুরু করে। পরে তার ভাতিজি খড়ের গাদায় শিশুর কান্নার শব্দ শুনে হোসনা বেগমকে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন নবজাতকটি তিনটি কুকুর ঘিরে রেখেছে। শিশুটি বড় মানুষের একটি শার্ট দিয়ে পেঁচানো ছিলো।

এ খবর জানাজানি হলে নবজাতককে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করতে থাকে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছুটে যান।

পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি ওয়ার্ডের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন। হোসনা বেগম নিজ সন্তানের মতো তাকে বুকের দুধ পান করাচ্ছেন।

আরও পড়ুন: মধুখালীতে ১৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আবাসিক মেডিক্যাল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, নবজাতকটি সুস্থ আছে। তার জন্মগত কোন ত্রুটি নেই। স্থানীয় ও জেলা সমাজ সেবা অফিস নবজাতকটির খোঁজ খবর নিচ্ছেন।

ইত্তেফাক/নূহু