বিশ্বনাথে স্লোভাকিয়ায় নিহত ফরিদের দাফন সম্পন্ন

স্লোভাকিয়ায় নিহত ফরিদ উদ্দিন আহমদ (৩৫) এর দাফন শুক্রবার বাদ জুম্মা বিশ্বনাথের বড় কারিকোনা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দাফনের পূর্বে জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের চাচাত ভাই মাওলানা লুৎফুর রহমান।

জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন সিলেটের সহকারি পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) মো. সাইফুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এস. নুনু মিয়া, সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, মরহুম ফরিদ উদ্দিনের চাচা শুকুর আলী।

এছাড়া জানাযার নামাজে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা, মাওলানা আহমদ আলী হেলালী, ব্যবসায়ী হাজী উলফত আলী, সিরাজউদ্দিনসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। 

গত বৃহস্পতিবার বিমানের একটি ফ্লাইটে সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে নিহতের মরদেহ পৌঁছে। বিমান বন্দরে লাশ রিসিভ করে নিহতের স্বজনরা। এরপর বিমান বন্দর থেকে লাশ নিয়ে যাওয়া হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। সেখানে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্ত শেষে নিহত ফরিদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। 

প্রসঙ্গত, ২০১৮ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ দেখতে রাশিয়া যান ফরিদ উদ্দিন আহমেদ। খেলা শেষ হওয়ার মাস খানেক পর তিনি রাশিয়া থেকে ইউক্রেন যান এবং সেখান থেকে গত ২৮ আগস্ট দালালের মাধ্যমে ৫জন সঙ্গীর সঙ্গে ইউক্রেন থেকে ফ্রান্সের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা করেন ফরিদ। এরপর ২ সেপ্টেম্বর ফরিদের সঙ্গীরা ফ্রান্স পৌঁছলেও নিখোঁজ হয়ে যান ফরিদ।

আরও পড়ুন: মধুখালীতে ১৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

এক পর্যায়ে গত ৯ সেপ্টেম্বর স্লোভাকিয়ার স্টারিনার দূর্গম পাহাড়ি এলাকার একটি পর্যটন স্পট থেকে ফরিদের মরহেদ উদ্ধার করে সেদেশের পুলিশ। 
ইত্তেফাক/নূহু