বন্ধুদের সঙ্গে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর সলিল সমাধি

কক্সবাজার শহরের বাকখাঁলী নদীতে গোসল করতে নেমে সলিল সমাধি ঘটেছে সাজ্জাদ হোসাইন (১৫) নামে এক স্কুলছাত্রের। শুক্রবার বেলা ১০টার দিকে শহরের পেশকারপাড়া পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে।

মর্মান্তিক মৃত্যুর শিকার সাজ্জাদ হোসেন শহরের পেশকার পাড়া এলাকার শাহ আলম-কোহিনূর দম্পতির ছেলে ও  শহরের পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। দুই ভাই এক বোনের মাঝে সাজ্জাদ সবার ছোট।

নিহতের প্রতিবেশী মামুন আবদুল্লাহ জানান, বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিল সাঁতার জানা সাজ্জাদ। গোসলের এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি সে। পরে অনেক খোঁজ করে তাকে উদ্ধার করা হয়। তারপর তাকে অচেতন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চকরিয়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

সদা চঞ্চল সাজ্জাদের অনাকাঙ্খিত মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মা-বাবা ও ভাই-বোনের বিলাপে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠছে। কেউ মেনে নিতে পারছে না এ মৃত্যু। আসছের নামাজের পর জানাজা শেষে সাজ্জাদকে দাফনের প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/নূহু