বগুড়ার শেরপুরে ‘শেরপুর টাউন বারোয়ারী শারদীয় দুর্গোৎসব কমিটি’র আয়োজনে এবার ৬৮ তম দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা থেকে আনন্দোৎসবের মধ্য দিয়ে পূজার কর্মসুচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে দুর্গোৎসবের কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান। সঙ্গে ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর প্রমুখ। এ সময় অতিথিরা শারদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে স্থানীয় শিল্পীরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালন করে।
রবিবার মহাসপ্তমীতে বরাবরের মত উৎসব উদযাপন কমিটি এবারও আয়োজন করেছিল ‘বিনা ফি তে চিকিৎসা সেবা’ কর্মসুচি। এর উদ্বোধন করেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু।
স্বাস্থ্যসেবা দিচ্ছেন, ডা. জয়োৎপলা শুকলা ও ডা. অমিত কুমার লাহা।
টাউন বারোয়ারী পূজা মণ্ডপ প্রাঙ্গনে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন, ডা. বিপ্লব কুমার বর্মণ, ডা. দেবাশীষ কুমার গুপ্ত, (এমসিপিএস-মেডিসিন, এমডি-বক্ষব্যাধি), ডা. অতনু কুমার বসাক (এফসিপিএস-শিশু; এমডি-নবজাতক), ডা. জয়োৎপলা শুকলা (এফসিপিএস-গাইনি অ্যান্ড অবস), ডা. ধীমান কুমার সাহা (এমডি-শিশু), ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ (এফসিপিএস-চক্ষু), ডা. ধীমান প্রামাণিক (এফসিপিএস-ইএনটি), ডা. সামিউল হক (বিসিএস স্বাস্থ্য), ডা. অমিত কুমার লাহা (এমডি- কোর্স; মেডিসিন), ডা. তন্ময় বর্মণ (বিসিএস স্বাস্থ্য), ডা. তন্ময় সান্যাল (বিডিএস), ও ডা প্রিয়াংকা সাহা।
আরও পড়ুন: নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে
মেডিকেল ক্যাম্পের ইনচার্জ, ডা. অমিত কুমার লাহা বলেন, আনন্দোৎসবের পাশাপাশি সেবা দেওয়ার লক্ষ্যে আমাদের এই চেষ্টা। প্রতিবার পূজা মণ্ডপে তিনটি থানা এলাকার রোগীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিয়ে আসছেন। আগামীতেও এটি অব্যাহত থাকবে।
স্বাস্থ্যসেবা দিচ্ছেন, ডা. তন্ময় সান্যাল, ডা. মো. ইব্রাহিম খলিলুল্লাহ ও ডা. ধীমান প্রামাণিক।
এবার চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীদের বিনা মূল্যে সেবা দেওয়া হয়। এতে সহযোগিতা করে, বেক্সিমকো, স্কয়ার, ড্রাগ, অপসনিন, ইউনিমেড ইউনিহেলথসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি।
রবিবার কুমারী পূজা, সোমবার মহানবমী ও মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা করতোয়া বক্ষে নিরঞ্জনের মাধ্যমে শেষ হবে শেরপুর টাউন বারোয়ারী শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির ৬৮তম এ অধিবেশন।
ইত্তেফাক/এমআরএম