বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারোলে না জামিনে মুক্তি পাবেন এ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, 'বিষয়টি সম্পুর্ণ আদালতের এখতিয়ার।' তিনি শনিবার বিকেলে সিরাজগঞ্জে নির্মাণাধীন শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, 'খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে আদালতের রায়ে কারাভোগ করছেন। তার মুক্তির ব্যাপারে দল বা সরকার কোন হস্তক্ষেপ করবে না।'
চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি বলেন, 'রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দল এবং সরকারে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ১৪ দল এবং জনগণ দুর্নীতি বিরোধী এ আন্দোলন সমর্থন করেছে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা যেভাবে জঙ্গি দমন করেছেন, দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন, ঠিক একইভাবে দুর্নীতি বিরোধী এ আন্দোলন সফল হবে।'
শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পটি সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়িতে চলমান। প্রায় ৫০ কোটি টাকা ব্যায়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে। কলেজের একাডেমিক ভবন ও হোস্টেল নির্মাল কাজের ৮০ ভাগ সম্পূর্ণ হয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।
এর আগে তিনি সিরাজগঞ্জের প্রবেশ মুখ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মুলিবাড়িতে জাতীয় চার নেতা শহীদ এম. মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
আরও পড়ুন: ইসলামপুরে সিএনজি চাপায় একজনের মৃত্যু
শেখ হাসিনা নার্সিং কলেজ প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, সহ প্রকৌশলী মাহবুবা আক্তার, উপ সহকারী প্রকৌশলী আল মোমেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামমুজ্জামান আলো, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, মনসুর নর থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল লতিফ তারিন, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু