রোটারি ইন্টারন্যাশনাল-জাতিসংঘ সম্মাননায় ভূষিত হাসিনা রহমান

জাতিসংঘ সনদ প্রস্তাবনায় সাংগঠনিকভাবে রোটারি ইন্টারন্যাশনাল ঐতিহাসিক ভূমিকা রাখায় এই সংগঠন জাতিসংঘের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে শান্তির লক্ষে কাজ করে আসছে। জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে এই দুই সংগঠনের ঐতিহাসিক মেলবন্ধনকে উদযাপন করতে আগামী ৯ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ‘রোটারি-জাতিসংঘ দিবস’ পালন করা হবে

বাংলাদেশের হাসিনা রহমানকে রোটারি ইন্টারন্যাশনাল-জাতিসংঘ দিবসের ‘পিপল অব অ্যাকশন-কানেক্টরস বিয়ন্ড দ্য বর্ডার’ সম্মাননায় ভূষিত করা হয়েছে। আগামী ৯ নভেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে এই সম্মাননা দেওয়া হবে। জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তা, রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট মার্ক ড্যানিয়েল ম্যালনি, বিভিন্ন দেশের প্রতিনিধি, রোটারি ও যুব নেতৃবৃন্দসহ সাড়ে ৭শ’ প্রতিনিধির উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা অনুষ্ঠানে অংশ নিতে সম্মাননা গ্রহণকারী হাসিনা রহমানের সঙ্গে ডিস্ট্রিক্ট ৩২৮১-এর গভর্নর এম খায়রুল আলমকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। রোটারি ইন্টারন্যাশনাল গত ৪ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।

উল্লেখ্য, জাতিসংঘ সনদ প্রস্তাবনায় সাংগঠনিকভাবে রোটারি ইন্টারন্যাশনাল ঐতিহাসিক ভূমিকা রাখায় এই সংগঠন জাতিসংঘের অন্যতম সহযোগী সংগঠন হিসেবে শান্তির লক্ষে কাজ করে আসছে। জাতিসংঘের ৭৫ বছর পূর্তিতে এই দুই সংগঠনের ঐতিহাসিক মেলবন্ধনকে উদযাপন করতে আগামী ৯ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে ‘রোটারি-জাতিসংঘ দিবস’ পালন করা হবে। ‘রোটারি-জাতিসংঘ দিবস’ উপলক্ষে বিশ্বের ৬ জন মানবতাসেবীকে এ বছর  ‘পিপল অব অ্যাকশন-কানেক্টরস বিয়ন্ড দ্য বর্ডার’  সম্মাননায় ভূষিত করা হবে। বিশ্বব্যাপী রোটারি কার্যক্রম চালানো ২শ’ দেশ থেকে প্রাপ্ত মনোনয়নের মধ্যে থেকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি ৪ মাসব্যাপী বাছাই প্রক্রিয়া শেষে হাসিনা রহমানসহ ৬ জনের নাম  ঘোষণা করেছে। সম্মাননা প্রাপ্ত অন্যরা হচ্ছেন জার্মানির ড. বার্ণড ফিশার, ব্রাজিলের ভ্যান্দেরলাই লিমা সান্তানা, ইন্দোনেশিয়ার এইস রবিন, তুরস্ক বংশোদ্ভুত মার্কিন নাগরিক ইলগে কারানকাক স্প্লানি এবং লেবাননের লুসিয়েনে হ্যাওয়ার্থ।

হাসিনা রহমানকে সম্মাননা প্রদানের ঘোষণায় রোটারি ইন্টারন্যাশনাল উল্লেখ করেছে বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে মাতৃকল্যাণ ও শিশুস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় হাসিনা রহমানকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।  হাসিনা রহমান আন্তর্জাতিক সাহায্য সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এবং রোটারি ক্লাব অব ঢাকা ম্যাভেরিক্সের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তার পেশাগত ও স্বেচ্ছাসেবী উদ্যোগের বিরল সম্মিলন ঘটিয়ে রোহিঙ্গা শিবিরে ৮টি শিশু ও মাতৃকল্যাণ সেন্টার পরিচালনা করছেন। হাসিনার এই উদ্যোগের মাধ্যমে সেন্টারগুলোতে প্রায় সাড়ে ৪ লক্ষ মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। প্রায় ৯ হাজার পুষ্ঠিহীন শিশুকের বিশেষ সেবা প্রদানের মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে।