টেকনাফে কাঠের নৌকাসহ ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে। রবিবার রাতের প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ টহল দলের অভিযানে এই ইয়াবার চালান উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, রবিবার রাতের প্রথম প্রহরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং বিএসপি পোস্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর ৫/৬ জন লোক হস্তচালিত কাঠের নৌকা নিয়ে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে নদীতে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী কেওড়া বন দিয়ে পালিয়ে যায়। টহল দল ঘটনাস্থল তল্লাশি করে বস্তা ভর্তি একটি কাঠের নৌকা জব্দ করে। পরে তা গণনা করে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
 
জব্দকৃত নৌকাটি টেকনাফ কাস্টমস অফিসে জমা দিয়ে উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেন।

ইত্তেফাক/জেডএইচডি