মাগুরায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

মাগুরায় রবিবার দুপুরে পৃথকভাবে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। মহম্মদপুরের ঝামা বাজারে একটি ভবনের ছাদে নির্মাণ কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় বিপ্লব বিশ্বাস (২০) নামে এক নির্মাণ শ্রমিকের। অন্যদিকে  দুপুরে মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের বাঁশতৈল গ্রামের মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন মোসলেম মোল্লা ( ৬২) নামে এক কৃষক।

বিপ্লব বিশ্বাস মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের মৃত খসরুজ্জামান বিশ্বাসের ছেলে। মোসলেম মোল্লা মাগুরা সদর উপজেলার ৫ নং হাজরাপুর ইউনিয়নের বাঁশতৈল গ্রামের মৃত তেহমান মোল্লার ছেলে।

এাকাবাসী ও হাসপাতালে জরুরি বিভাগ সূত্রে জানা যায়, জেলার মহম্মদপুর উপজেলার ঝামাবাজারে নির্মাণ শ্রমিকের কাজ করার সময় বজ্রপাতে বিল্পব গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় মাগুরার মহম্মদপুর উপজেলা হাসাপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভান্ডারিয়ায় ৬ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা

অন্যদিকে বাঁশতৈল গ্রামে দুপুরে বাড়ির পাশের একটি মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান কৃষক মোসলেম মোল্লা। এ সময় তার সঙ্গে থাকা তার নাতি সামিউর (৭) আহত হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক বিশ্বাস বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু