রে সি পি-১

পূজার স্বাদে

ধোঁয়া রুই

উপকরণ :রুই (আস্ত) ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৪-৫টি কুচি করা, আদা বাটা ১ টেবিল চামচ, লেবুর রস ২টি, ভিনেগার ২ টেবিল চামচ, ডিম ২টি গ্রেড করা, বিস্কুট গুঁড়া ৫/৬ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালি :মাছের আঁশ ফেলে ও পেটের ময়লা পরিষ্কার করে আস্ত মাছটি ধুয়ে প্যানে বা তাওয়ায় (যেন মাছটি সোজা ভাবেই সিদ্ধ হয়) নিয়ে চুলায় বসাতে হবে। এরপর লেবু, ভিনেগার, আদার রস, লবণ মিশ্রিত পানি মাছের এক পিঠে দিয়ে জ্বাল দিন। এরপর মাছ উল্টিয়ে বাকি মিশ্রণ দিয়ে মাছ সিদ্ধ করতে হবে। সিদ্ধ মাছের কাঁটা বেছে নিতে হবে। মনে রাখতে হবে, মাছটি আস্ত রেখে লেজ ও মাথা বাদ দিয়ে বাছতে হবে। যাতে করে পরে আস্ত মাছের শেইপে রান্নাটা শেষ করতে পারেন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে ভালোমতো ভাজা ভাজা করে নিতে হবে। এবার ভাজা মাছগুলো আস্ত মাছের শিরের ওপর বিছিয়ে দিন এবং এর ওপর কোঁচানো ডিম দিন। তারপর ঘি দিয়ে বিস্কুটের গুঁড়া ছিটিয়ে মাছের আদল বানিয়ে নিন। পয়সা দিয়ে চেপে চেপে আঁশের নকশা করুন মাছের গায়ে। এবার একটা ট্রেতে করে ওভেনে ৩০ মিনিট বেক করুন। ওভেন থেকে বের করে পোলাও, ভাত কিংবা নান রুটির সঙ্গে পরিবেশন করুন ধোঁয়া রুই।

 

সবজির লাবড়া

উপকরণ :আলু, পটল, গাজর, পেঁপে, কুমড়া, বেগুন, বরবটিসহ সবরকমের সবজি কিউব করে কেটে আধা সিদ্ধ করে নিতে হবে ৪ কাপ, তেল ১ টেবিল চামচ, তেজপাতা ৩-৪টি, গরম মসলা আস্ত কয়েকটা, পাঁচফোঁড়ন আন্দাজমতো, হলুদগুঁড়া ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, গরম মসলা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ কয়েকটি, লবণ আন্দাজ মতো, চিনি সামান্য, ঘি ১ চা চামচ।

প্রণালি :প্রথমে কড়াইতে তেল দিন। পরে তেজপাতা, আস্ত গরম মসলা ও পাঁচফোঁড়ন দিয়ে সিদ্ধ সবজিগুলো দিন। ভালো করে নাড়তে হবে এবং এখন বাটা মসলাগুলো এক এক করে দিন। জিরা বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে গরম মসলা বাটা দিয়ে ঘি ও সামান্য চিনি ছিটিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল সবজির লাবড়া।

 

খিচুড়ি

উপকরণ :পোলাও চাল ২ কাপ, ভাজা মুগ ডাল ২ কাপ, হলুদ ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, তেজপাতা ২-৩টি, পাঁচফোঁড়ন অল্প ক’টা, লবণ আন্দাজমতো, চিনি সামান্য, ঘি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ।

প্রণালি :কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা ও পাঁচফোঁড়ন দিয়ে পানি দিয়ে দিন। যেহেতু চাল-ডাল চার কাপ, পানি দিন ছয় কাপ মেপে। এর পর বাটা আদা, কাঁচা মরিচ, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। আঁচ কমিয়ে রাখুন। পানি শুকিয়ে গেলে সামান্য চিনি দিন। নামানোর আগে ঘি ছিটিয়ে নামিয়ে নিন।

 

 

ইলিশ পাতুরি

উপকরণ :ইলিশ মাছ ১ কেজি (টুকরো করা), সরষে বাটা ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ বাটা ১ চা চামচ, সরষের তেল ৩ টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, লাউ পাতা (যদি লাউ পাতা দিয়ে করেন, তবে যে কয়েকটি পিস আছে মাছের সে কয়টা লাগবে)।

প্রণালি :প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এর পর সরষে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, সরষের তেলসহ মেখে নিন। এবার যদি কলাপাতার পাতুরি করেন, তবে একসঙ্গে মেখে পাতাটা দিয়ে বেঁধে তাওয়ায় দিন। তবে এটি লাউপাতা দিয়ে করা হয়েছে। একটা করে মাছ মাখা মসলা দিয়ে পাতা দিয়ে পেঁচিয়ে তাওয়ায় অল্প আঁচে দিয়ে একটু ঢেকে দিন। দশ-পনেরো মিনিট পর মাছ হয়ে এলে একটা করে নামিয়ে নিন। ব্যস হয়ে গেল ইলিশ পাতুরি।