বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। সোমবার দুপুর দুইটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তারা বলেন, আমরা ঘরে ও বাহিরে কোথাও নিরাপদ না। রাষ্ট্র আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার পা ভেঙে দেওয়া হয়েছিল। কিছু দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। কিন্তু এর সঙ্গে জড়িতদের কোনো বিচার হয় নি। আজ বুয়েট শিক্ষার্থী আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সামগ্রিকভাবে দেশে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে। এছাড়া আবরার হত্যার দ্রুত বিচারের দাবি জানান নেতাকর্মীরা।
আরো পড়ুন: একদিনে খুন-দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
এসময় ‘আবরার হত্যার বিচার চাই’, ‘এটাকি বাংলাদেশ নাকি হত্যাপুরী’, ‘হত্যাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াও’, ‘আর কতো মায়ের বুক খালি হবে?’, ‘সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। মহাসড়কে প্রায় ৩০ মিনিট অবস্থানের পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে আসে। এছাড়া সন্ধ্যায় ফের মশাল মিছিল বের করবে বলে জানান জোটের নেতাকর্মীরা।
ইত্তেফাক/বিএএফ