সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরছিলেন। এ সময় ইমরান খানসহ পাক প্রতিনিধি দলকে তার ব্যক্তিগত বিমান থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। পাকিস্তানের সাপ্তাহিক পত্রিকা ‘টাইমস’ এর এক প্রবন্ধের বরাত দিয়ে এ কথা জানিয়েছে এনডিটিভি।
ওই প্রবন্ধে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন চলাকালে পাক প্রধানমন্ত্রী ইমরান সৌদি যুবরাজকে এড়িয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে একটি ইসলামিক ব্লক গঠনের ব্যাপারে আলোচনা করেন। এ সময় বিবিসির আদলে এমন একটি টিভি চ্যানেল খোলার ব্যাপারে মতৈক্যে পৌছান তারা। যেখানে মুসলমানদের সমস্যা তুলে ধরা হবে এবং ইসলাম-ভীতি দূর করার চেষ্টা করা হবে। এ ঘটনায় সৌদি যুবরাজ ইমরানের প্রতি ক্ষুব্ধ হন।
সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরতে পূর্বপরিকল্পনা অনুযায়ী ইমরান তার প্রতিনিধি দল নিয়ে যুবরাজ সালমানের ব্যক্তিগত বিমানে চড়ে বসেন। একপর্যায়ে ক্ষুব্ধ সালমান ইমরানসহ পাক প্রতিনিধি দলকে বিমান থেকে নামিয়ে দিতে নির্দেশ দেন বলে দাবি করা হয় টাইমসের প্রবন্ধটিতে।
আরও পড়ুন: বুয়েটছাত্র আবরার হত্যায় জড়িত মিঠাপুকুরের জিওন
তবে এমন দাবিকে উড়িয়ে দিয়েছে পাক সরকার। সরকারের এক মুখপাত্র বলেন, বৈঠকের বিষয়টি পুরোপুরি কাল্পনিক এবং মনগড়া। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের খুব ভাল সম্পর্ক রয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন প্রতিবেদন করা হয়েছে।
ইত্তেফাক/নূহু