পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশ থেকে আনা আমদানিকৃত গ্যাস প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রপ্তানি করা হবে। এতে বাংলাদেশেরই লাভ হবে। দেশের প্রাকৃতিক গ্যাস রপ্তানি নয়। কিন্তু একটা ভুল ধারণা তৈরি হচ্ছে যে-ভারতকে বাংলাদেশ গ্যাস দিয়ে দিচ্ছে।
মঙ্গলবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের সঙ্গে পানি বিনিময় নিয়ে কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক বিষয়ের কথা মাথায় রেখে ফেনি নদীর কিছু পানযোগ্য পানি ভারতকে দেওয়া হবে।
ড. মোমেন বলেন, ভারতের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখেই বিভিন্ন সময় আন্তঃচুক্তি হয়ে থাকে। তারই অংশ হিসেবে আরো নানা চুক্তি হয়েছে যা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন।
আরো পড়ুন : ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি রিজভীর
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।
সিলেটে ট্যুরিস্ট বাস চালু
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে ট্যুরিস্ট বাস। মঙ্গলবার বিকালে নগরীর জিন্দাবাজারে এ বাসের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এটি চালু হয়েছে সিলেট ট্যুরস এন্ড ট্রাভেলসের উদ্যোগে । আগামীতে আরো ৬টি ট্যুরিস্ট বাস চালু হবে বলে জানান সংশ্লিষ্টরা। এসব বাসে এসি ও ওয়াইফাই রয়েছে। সিলেট থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাবে এসব বাস। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ টি এম শোয়েব উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি