রে জা উ ল ক রি ম খো ক ন
আগামী বছর, অর্থাত্ ২০২০-এ প্রিয়াঙ্কা চোপড়ার ২০ বছর পূর্ণ হবে বলিউডে। ১৭ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলেন এই সাবেক বিশ্বসুন্দরী। দেখতে দেখতে অনেকগুলো বছর পার করে দিয়েছেন তিনি হিন্দি সিনেমার অঙ্গনে। বলিউড ছাড়িয়ে হলিউডেও প্রিয়াঙ্কার কর্মপরিধি বিস্তৃতি হয়েছে। এখন তিনি গ্লোবাল আইকন। একজন সুঅভিনেত্রী হিসেবে অনেকবার যোগ্যতার প্রমাণ দিয়েছেন তিনি। গত বছর আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ের পর থেকে সেখানেই তার বেশিরভাগ সময় কাটছে। গত তিন বছর ধরে প্রিয়াঙ্কার নতুন কোনো বলিউডি সিনেমা মুক্তি পায়নি। অনেকেই ধরে নিয়েছেন বিয়ের কারণে অভিনয় জগত্ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই বলিউডি অভিনেত্রী। তবে এবার নতুন হিন্দি ছবি নিয়ে রুপালি পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আগামীকাল তার অভিনীত নতুন একটি হিন্দি সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পাবে। এ ছবিতে প্রধান একটি রোলে অভিনয় করা ছাড়াও তিনি ছবিটির অন্যতম প্রযোজকও বটে। প্রিয়াঙ্কা অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনায় নিজেকে সম্পৃক্ত করেছেন আরো কয়েকবছর আগেই। তার প্রযোজনায় ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার কয়েকটি সিনেমা নির্মিত হয়েছে এবং দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে প্রিয়াঙ্কা দর্শকদের সামনে আসছেন কৈশোর পেরুনো দুই ছেলেমেয়ের মায়ের ভূমিকায়। ২৫ বছর একসঙ্গে দাম্পত্যজীবন পার করা এক দম্পতির জীবনের গল্প নিয়ে আবর্তিত হয়েছে এর চিত্রনাট্য। এ ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আখতার। সোনালি বসু পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে ফারহান-প্রিয়াঙ্কা জুটির কন্যার ভূমিকায় অভিনয় করেছেন ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে চমত্কার অভিনয়ের মাধ্যমে দর্শকমন জয় করা কিশোরী অভিনেত্রী জায়রা ওয়াসিম। ৩৭-এ পা রাখা প্রিয়াঙ্কা অভিনয়জীবনে বহু বিচিত্র চরিত্রে অভিনয় করেছেন। এ জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ফিল্মফেয়ার ও অন্যান্য অ্যাওয়ার্ড পেয়েছেন। তবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে তার অভিনীত অদিতি চৌধুরী চরিত্রটি তার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হয়ে এসেছে। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘এখানে আমার অভিনীত চরিত্রটি একদম বাস্তব জীবন থেকে নেওয়া। এ চরিত্রের সঙ্গে আমার মায়ের অনেক মিল খুঁজে পেয়েছি। আমার মা ভীষণ আন্তরিক ও উদার। আমার সবকিছুই তিনি জানেন। আমার সবকিছুতেই তার বিশেষ কেয়ারনেস ছিল। এ ছবির মা অদিতির সঙ্গে তার কন্যা আয়শার ঠিক একই রকম সম্পর্ক ও কেমিস্ট্রি। ছবিটিতে অভিনয় করতে গিয়ে আমি আমার মাকে বারবার খুঁজে পেয়েছি।’
প্রিয়াঙ্কা চোপড়া এখন তার আত্মজীবনীমূলক বই লিখছেন। বইটির নাম ‘আনফিনিশড’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার জার্নিটাকে অসমাপ্ত বলে মনে করি। আগামী বছর নাগাদ তার আত্মজীবনী ‘আনফিনিশড’ ভারত, যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড থেকে প্রকাশিত হবে বলে জানা গেছে। গত বছর প্রেম করে দশ বছরের ছোট মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা। তার এই বিয়েটাকে অগণিত ভক্ত অনুরাগী সহজভাবে মেনে নিতে পারেনি। অনেক বিরূপ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে তাকে। কিন্তু কোনো কিছুই তাকে টলাতে পারেনি। নিক জোনাসকে নিয়ে চমত্কার সুখে দিন কাটাচ্ছেন তিনি। বিয়ের পর নিজে অনেকটা পাল্টে গেছেন। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘বিয়ের পর আমি অনেক ভালো হয়ে গেছি।’