জাতীয় শিশু-কিশোর নাট্যোত্সবে সুন্দরমের ‘তোতা কাহিনি’ মঞ্চায়িত

এনসুর উদ্দিন আহমেদ ইকবাল

হবিগঞ্জ প্রতিনিধি

 

জাতীয় শিশু-কিশোর নাট্যোত্সব ও সাংস্কৃতিক উত্সবে অংশগ্রহণ করে নাটক ‘তোতা কাহিনি’ মঞ্চস্থ করেছে হবিগঞ্জের দল সুন্দরম। গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটি মঞ্চস্থ হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন সিদ্দিকী হারুন ও নির্দেশনায় ছিলেন ইয়াছিন খাঁ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সারং, সাকি, নাজু, স্বপ্ন, নীলা, কাঁকন ও সিয়াম। সেট ডিজাইন করেছেন আব্দুল মুনিম তরফদার, পোশাক পরিকল্পনা ইয়াছিন খাঁ, আলোক পরিকল্পনা জুবায়েদ হোসেন ও ফরহাদ চৌধুরী এবং সংগীত পরিচালনায় ছিলেন সুবীর রায়।

গত ২০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ উত্সব আয়োজনে ছিল পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘তোতা কাহিনি’ নাটকটি খোয়াই থিয়েটারের শিশু-কিশোর সংগঠন সুন্দরম ও হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। একই অনুষ্ঠানে সুন্দরমের ক্ষুদে নাট্যশিল্পী নীলাকে ‘মঞ্চকুঁড়ি’ পদকে ভূষিত করা হয়। প্রদশর্নী শেষে দলের সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন নাট্যব্যক্তিত্ব আমিনুর রহমান মুকুল। সারাদেশ থেকে আগত বিপুলসংখ্যক দর্শক তোতা কাহিনি উপভোগ করেন। উল্লেখ্য, দুই যুগেরও অধিক সময় ধরে সুন্দরম দেশ ও বিদেশে নাটক মঞ্চায়ন করে সুনাম কুড়িয়ে আসছে।