মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সাম্প্রদায়িক সম্প্রীতি, সমাজের সর্বত্র শান্তির প্রত্যাশায় পরিবেশিত হয়েছে ‘শান্তির জন্য কাব্যকথা’ শীর্ষক বৃন্দ আবৃত্তি প্রযোজনা। গত ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার প্রধান আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান তিতাস আবৃত্তি সংগঠন প্রযোজনাটি পরিবেশন করে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে এ প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তিশিল্পী উত্তম কুমার দাস। ‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’ এই সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া প্রযোজনাটি অনুষ্ঠানে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কুমিল্লা অঞ্চলের সমন্বয়কারী আবুল বাশার বলেন, ‘অহিংসা দিবসের সঙ্গে সমন্বয় রেখে শান্তির জন্য কাব্যকথা আবৃত্তি প্রযোজনাটি ভীষণ মানবিক আবেদন উপস্থাপন করতে সক্ষম হয়েছে। কথা ও কবিতার মধ্য দিয়ে আবৃত্তিশিল্পীরা শান্তির জয়গান করেছেন।’ আবৃত্তি প্রযোজনার নির্দেশক উত্তম কুমার দাস বলেন, ‘সারা পৃথিবীতে শুধু হিংসা, হত্যা, সন্ত্রাসের খবর শুনতে পাওয়া যাচ্ছে। অহিংসার বাণী প্রচার করা এখন অনেক বেশি জরুরি। আমরা কবিতার মাধ্যমে শান্তি-সম্প্রীতির কথা বলতে চেয়েছি।’ ‘অহিংসায় বুনি সম্প্রীতির দেশ’—এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ কর্মসূচিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের অ্যাডভোকেসি টিমের সমন্বয়ক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরীর সভাপতিত্বে ও মাস্টার ট্রেইনার মো. মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। অতিথি হিসেবে ছিলেন জেলা এ বি এম মোমিনুল হক, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আবু কাউসার খান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়ক আবুল বাশার, মাস্টার ট্রেইনার অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জান্নাত পারভীন স্মৃতি, জিয়াউর রহমান লাভলু, রাজনৈতিক ফেলো মিনহাজ মামুন ও সাঈদ হোসেন সানী। এছাড়া অহিংস দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, শান্তির জন্য পদযাত্রা ও তরুণদের নিয়ে সেমিনার। অনুষ্ঠানে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতারা হিংসা-বিদ্বেষ পরিহার করে অহিংস থাকার প্রত্যয় ঘোষণা করেন।