শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তোলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের শুদ্ধ ও আদর্শ মানুষ হিসেবে তৈরির লক্ষ্য নিয়ে লাইব্রেরি ও ক্লাবের সাংস্কৃতিক ভবনে শুরু হয়েছে শিশুদের জন্য সংগীত, নৃত্য, আবৃত্তি ও অভিনয় বিষয়ক প্রশিক্ষণ। জেলার ঐতিহ্যবাহী লাইব্রেরি ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী গত শুক্রবার এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কে এম আব্দুল আজিজ সংগীত ভূবন, নৃত্যশৈলী পরিষদ ও নবনাট্য সংঘ যৌথভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তোলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের আদর্শ মানুষ হিসেবে তৈরির লক্ষ্য তুলে ধরে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন সংগীতশিল্পী তামান্না ইয়াসমিন, নবনাট্য সংঘের সাধারণ সম্পাদক দীলিপ সেন, নৃত্য প্রশিক্ষক জয় ও আবৃত্তি প্রশিক্ষক লালন হোসেন। এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্ম উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।