ঢাকার ধামরাইয়ে আলোচিত ডাকাতি ও স্কুলছাত্র হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা এ খবর নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের সমেজ আলী প্রামাণিকের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) এবং ধামরাই উপজেলার বাউটিয়া গ্রামের গোপালের ছেলে নজিম উদ্দিন নাজিম (৩৯)।
ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গত ২৭ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকার ধামরাইয়ে জালসা বাগবাড়ী গ্রামে ডাকাতিকালে ধারালো অস্ত্রের আঘাতে রমজান আলী নামে জালসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ধামরাই থানায় মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে উল্লেখিত আসামিদের গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এএম