বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সমাবর্তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হয়ে সমাবর্তনে সভাপতি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্বর্ণপদক তুলে দেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। বর্তমানে সমন্বিত শিক্ষা আইন করার কাজ চলছে। সোনার বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি বুয়েটে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত ও মর্মাহত। আমরা আবরার পরিবারের প্রতি সহমর্মিতা জানাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সিনিয়র ডেপুটি ভাইস চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট মি. এ্যালাস্টেইর ডসন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।
আরও পড়ুন: পড়া না পারায় শিশুর অণ্ডকোষে ইমামের লাথি
স্বর্ণপদক প্রাপ্ত পাঁচ শিক্ষার্থী
অনুষ্ঠানে বিইউবিটির গ্রাজুয়েশন ও পোস্ট গ্রাজুয়েশন করা শিক্ষার্থীদের ডিগ্রির সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৫ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। পরে সঙ্গীতশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিইউবিটির ৪র্থ সমাবর্তন শেষ হয়।
ইত্তেফাক/এসি