নিজের তৈরি রকেটে অন্য গ্রহে যেতে চাই

অনন্য যারিফ আকন্দ মানিকগঞ্জের দি হলি চাইল্ড স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্কুুলের প্রতিটি ক্লাসে প্রথম হওয়ার পাশাপাশি লেখালেখিসহ জড়িত আছে নানাবিধ সৃজনশীল কাজের সঙ্গে। সেখানেও অনন্যর অর্জনের ঝুলিটা বেশ সমৃদ্ধ। ২০১৮ সালে ‘মিনা মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রিন্ট/অনলাইন মাধ্যম সৃজনশীল ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে সে। বাবা খোরশেদ আলম আকন্দ, মা খন্দকার উম্মে ছালমা। দুজনই কলেজের প্রভাষক। অনন্যের সঙ্গে কথা বলেছেন রুমান হাফিজ    

লেখালেখির শুরুটা

অনন্য :শুরুটা হয় ৪-৫ বছর বয়সে। ক্লাস টু-তে পড়ার সময় একদিন ক্লাসে মজার একটা ঘটনা ঘটে। শ্রেণি শিক্ষকের অনুমতি নিয়ে আমি ঘটনাটা খাতায় লিখে ফেলি। পরে সেটা ‘দুই টাকা দিয়েছ?’ নামে কিশোর আলোতে প্রকাশিত হয়। এর কিছুদিন পরেই ‘বর্ষাকালে’ নামক আমার প্রথম ছড়া প্রকাশিত হয় দৈনিক সমকাল পত্রিকায়।

 

যার থেকে বেশি অনুপ্রেরণায় পাই

অনন্য :ছোটবেলা থেকেই বাবা-মা দুজনই আমাকে বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণা দেন। লেখালেখির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।

 

পুরস্কার জেতার পেছনে রহস্য

অনন্য :আসলে পুরস্কার পাওয়ার লক্ষ্য নিয়ে তো কেউ লেখালেখি করে না। তবে এক্ষেত্রে ভালো করার প্রথম শর্ত হলো প্রচুর পড়া। আমি স্কুলের পাঠ্যবইয়ের চেয়ে অন্যান্য বই বেশি পড়ি। এমনকি বিভিন্ন দ্রব্যাদির ঠোঙাগুলোও আমি না পড়ে ফেলে দিই না।

লেখার মজাটা যেভাবে পাওয়া যায়

অনন্য :লেখালেখির মজা পেতে হলে প্রচুর বই পড়তে হবে এবং মনে যা চায় তা-ই লিখে ফেলতে হবে। কিছুদিন পর সেগুলো সম্পাদনা করতে হবে।

 

যেসব লেখা বারবার পড়া হয়

অনন্য :রহস্য গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনি আর বিজ্ঞান বিষয়ক বইগুলো আমার বেশি পড়া হয়। ভালোলাগা যে কোনো বই-ই আমি অনেকবার পড়ি। আমার সবচেয়ে বেশিবার পড়া ৩টি বইয়ের নাম :হাতকাটা রবিন (ড. মুহম্মদ জাফর ইকবাল), A Brief History of Time (স্টিফেন হকিং), পদার্থবিজ্ঞানের প্রথম পাঠ (ড. মুহম্মদ জাফর ইকবাল)।

 

পছন্দের লেখক যারা

অনন্য :আমার প্রিয় লেখকর তালিকাটা বেশ দীর্ঘ। তারা হলেন ড. মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, সেলিনা হোসেন, সুকুমার রায়, হুমায়ূন আহমেদ, মুনির হাসান, আবদুল্লাহ আবু সায়ীদ, আইজ্যাক আসিমভ, খন্দকার মাহমুদুল হাসান, আহমেদ রিয়াজসহ আরো অনেকে।

 

সুযোগ পেলে যার সঙ্গে দেখা করতে চাই

অনন্য :কম্পিউটার বিজ্ঞান এবং ইলেকট্র্রনিক্স আমার দারুণ পছন্দ। তাই আমি সুযোগ পেলে দেখা করতে চাই পৃথিবীর একজন বড় প্রোগ্রামার রিচার্ড স্টলম্যান, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW)-এর প্রতিষ্ঠাতা টিম বার্নার্স-লি, স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সঙ্গে?

 

যেমন স্বপ্ন দেখি

অনন্য :স্বপ্ন দেখি—আমার নিজের তৈরি রকেটে করে অন্য কোনো গ্রহের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে পা রাখা! অথবা আমার বানানো রোবটকে আমারই তৈরি রকেটের মাধ্যমে মঙ্গলগ্রহে পাঠানো। আরেকটি স্বপ্ন হলো আমার বানানো একটি ন্যানো রোবট মানুষের শিরা-উপশিরায় গিয়ে ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিত্সা করবে।

অবসরে প্রিয় কাজ

অনন্য :অবসরে আমার প্রিয় কাজ বইপড়া, লেখালেখি করা, ছবি আঁকা, খেলাধুলা করা। তাছাড়া Electronics, Motion Graphics, Photo Editing, Animation, Programming করা।

 

স্কুুলের ভালোলাগা আর খারাপলাগা

অনন্য :স্কুলে ভালোলাগার বিষয়টা হলো আমার শিক্ষক-শিক্ষিকাগণ খুবই আন্তরিক এবং অনেক আদর করেন। আর খারাপ লাগে বইয়ের ভারী বোঝা নিয়ে স্কুলে যেতে।

 

বড় হয়ে যা হতে চাই

অনন্য :কত্ত কিছু যে আমি হতে চাই! বড় হয়ে আমি বাবার মতো বাবা হতে চাই। তাছাড়া প্রোগ্রামার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং পদার্থবিজ্ঞানীও হতে চাই।