নানা আয়োজনে চিত্রশিল্পী এস এম সুলতানের ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এস এম সুলতান গবেষণা কেন্দ্র। এ উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শন করা হয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপাচার্য বলেন, এস এম সুলতানের চিত্রকর্ম জাতির জীবনে এক মর্যাদাপূর্ণ ইতিহাস হয়ে আছে। তার চিত্রকর্মে জাতির ঐতিহ্য আরো উজ্জ্বল হয়েছে। তিনি মানব জীবনের মহত্বকে তার কর্মে চিত্রায়িত করেছেন। তিনি বিশ্বাস করতেন শিল্পসংস্কৃতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য। চিত্রশিল্পে তার কর্ম ও অবদানের জন্য তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
এস এম সুলতান গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক মহিবুর রৌফ শৈবালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ড. সোমা মুমতাজ, অধ্যাপক ড. আফসার আহমদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান ও গবেষক ড. শরীফুজ্জামান।