তাহিরের স্মৃতিতে অমলিন বাংলাদেশ

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে তিনটি বছর বাংলাদেশে কাটিয়ে গেছেন ওমান হকি দলের কোচ তাহির জামান। সম্প্রতি তিনি জানিয়েছেন খেলোয়াড়ি জীবনে বাংলাদেশে কাটানো সময়টাকে এখনো সযতনে আগলে রেখেছেন স্মৃতির মনিকোঠায়।

ঢাকা প্রিমিয়ার হকি লিগে গেল শতাব্দীর শেষ দিকে টানা তিন বার শিরোপা জিতেছিল মোহামেডান। সেই দলেরই অপরিহার্য অংশ ছিলেন পাকিস্তানি এই খেলোয়াড়। খেলোয়াড়ি জীবনে বাংলাদেশে কাটানোর সুবাদে ঢাকার মাটিতে ঘরে আসারই অনুভূতি পান বলে জানান তাহির।

তিনি বলেন, ‘বাংলাদেশে যখনই আসি আমার কাছে মনে হয় ঘরের মাটিতেই পা রেখেছি। এখানে অনেক মানুষের সঙ্গে চেনাশোনা আছে। বাংলাদেশে অনেক বন্ধু আছে। এখানে এলেই তাদের সঙ্গে দেখা করার ব্যাপারে, পুরোনো স্মৃতি রোমন্থনের ব্যাপারে একটা উত্তেজনা কাজ করে।’

আরও পড়ুন : আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

তাহির খেলোয়াড়ি জীবনে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক ছিলেন অনেকদিন। ১৯৯২ সালের বার্সেলোনা অলিম্পিক হকিতে জিতেছিলেন ব্রোঞ্জপদকও। এমন সোনালী ক্যারিয়ার সত্ত্বেও তাহিরের স্মৃতিতে মোহামেডান এক আলাদা জায়গা নিয়ে আছে।

নব্বই দশকের শেষ দিকে মোহামেডানে কাটানো বছরগুলোকে ‘গৌরবময় দিন’ আখ্যা দিয়ে কিছুটা স্মৃতিকাতরও হয়ে পড়েন ওমান কোচ, ‘বাংলাদেশ সম্পর্কে কিছু দারুণ স্মৃতি আছে আমার মনে। এখানে মোহামেডানের হয়ে খেলে গিয়েছি আমি। সম্ভবত সময়টা ২০০০ সাল কিংবা তারও কিছু আগে। সে সময় প্রিমিয়ার ডিভিশন লিগে টানা তিন বার চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা। সে এক গৌরবময় সময়ই ছিল।’

হকি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হবার পর দ্বিতীয় ম্যাচে দারুণ খেলেও ২-২ গোলে ড্র করে তার দল। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল চারটায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও সফররত ওমান।

ইত্তেফাক/কেআই