চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের চর এনায়েতপুর গ্রামে এক গৃহবধূকে মারপিট করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ নার্গিস খাতুনকে (২২) মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বামী, শাশুড়ি ও দেবর মিলে ওই গৃহবধূকে নির্যাতন করে হত্যার চেষ্টা চালায়।
গৃহবধূ হলেন- চর এনয়েতপুর গ্রামের টিপু সরকারের স্ত্রী ও একই ইউনিয়নের চরনবীন গ্রামের আঃ রহমানের মেয়ে। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ বৃহস্পতিবার থানায় অভিযোগ দিলে পুলিশ তার শাশুড়ি মইফুল বেগম ও দেবর মনির হোসেনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়।
আহত গৃহবধূ নার্গিস জানান, দীর্ঘদিন ধরেই তার স্বামী টিপু যৌতুকের জন্য তাকে চাপ দিত ও মারপিট করত। কিন্তু তার বাবা টাকা দিতে না পারায় তাকে শাশুড়ি ও স্বামীসহ বাড়ির লোকজন নানাভাবে গালমন্দ করতো। ঘটনার দিন রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সে ঘরের বাইরে বের হয়। এসময় স্বামী, শাশুড়ি ও দেবর তার গলায় কাপড় পেঁচিয়ে ধরে মারপিট শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে ছেড়ে দেয়।
খবর পেয়ে নার্গিসের মা-বাবা এসে আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ থানায় একটি অভিযোগ দিয়েছে। পুলিশ তার শাশুড়ি ও দেবরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। স্বামী পলাতক। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন জানান, অভিযোগ পাওয়ার পর গৃহবধূর শাশুড়ি ও দেবরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি