মতলবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় ৭ জেলে আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ ধরাকালে ৭ জেলে, ২টি নৌকা ও ১৫ হাজার মিটার জাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জেলেকে ১ বছর করে জেল দেওয়া হয়। এ সময় অপ্রাপ্ত বয়স্ক ২ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভূক্ত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০এর ৫(ক) ধারায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেনম মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোল্লাকান্দি গ্রামের নবী হোসেনের ছেলে মোঃ সাঈদ হোসেন (২২), মোঃ ইউসুফ মোল্লার ছেলে মেহেদী হাসান (১৯), বারেক মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (৪৫), সিরাজুল হকের ছেলে নবী হোসেন (৪৮) ও মৃত আলমাছের ছেলে হযরত আলী (৫৫)।

আটক কবিরের ছেলে মোঃ কানন (১০) ও মাছুমের ছেলে মোঃ আরাফাতকে (১১) মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। আটক সবাই মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা। জব্দ করা জাল পুরিয়ে ফেলা হয়েছে।

আরও পড়ুন: প্রাইভেটকারের সাউন্ডবক্সে ২৯ হাজার ইয়াবা, দুই যুবক আটক

রাতেই ষাটনল বাবুর বাজারে আটক জেলেসহ অন্য জেলেদের নিয়ে মা ইলিশ রক্ষা বিষয়ে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় তিনি বলেন, 'মা ইলিশ রক্ষায় সরকারের সকল প্রকার নিষেধ ও কার্যক্রম জেলেদের মানতে হবে। দেশের ইলিশ সম্পদ রক্ষায় সকলকে সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারের নিষেধ অমান্য করে কেউ নদীতে নামলে তাদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি এ সময়ে নদীতে মাছ ধরতে গিয়ে ধরা পড়ে সে সরকারের কোন সুযোগ সুবিধা পাবে না।'

ইত্তেফাক/এএন