বিশাখাপত্তম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন ময়াঙ্ক আগারওয়াল। শুক্রবার পুনে টেস্টের দ্বিতীয় দিনে চায়ের বিরতির পর দুইশ রান করলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। তার অপরাজিত ২৫৪ রানের সুবাদে পাঁচ উইকেটে ৬০১ তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে টিম ইন্ডিয়া। এটাই বিরাটের টেস্ট কেরিয়ারের সর্বাধিক রান। তার ৩৩৬ বলের ইনিংসে ছিল ৩৩টি চার ও দুটি ছয়।
অপরদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ব্যক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরেন মার্করাম ও ৬ রানে ফেরেন এলগার। তারা দুজনই শিকার হন উমেশ যাদবের। এর পরেই মোহাম্মদ সামির শিকার হন বাভুমা। ব্যক্তিগত ৮ রান করে কটবিহাইন্ড হন। রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন উইকেটে ৩৩ রান। ব্যাট করছেন ডি ব্রইন ও এনরিচ নার্টজ।
কোহালির কেরিয়ারের সপ্তম ডাবল সেঞ্চুরি এসেছিল ২৯৫ বলে, ২৮ চারের সাহায্যে। ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বেশি দ্বিশতরানের মালিক হলেন তিনি।এই ইনিংসেই স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ৬৯৯৬ রানকে টপকে গেলেন কোহালি। টেস্টে সাত হাজার রানেও পৌঁছে গেলেন একইসঙ্গে। এ দিন সকালে টেস্ট কেরিয়ারের ২৬তম শতরানে পৌঁছেছিলেন কোহালি। চলতি বছরে যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি। সেখানেই না থেমে আরও বড় ইনিংসের লক্ষ্যে এগিয়ে গেলেন তিনি। বাড়ালেন রান তোলার গতিও।
বিশাখাপত্তনমে প্রথম টেস্ট দাপটে জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। কোহালির ইনিংস এই টেস্টেও চালকের আসনে বসিয়ে দিল টিম ইন্ডিয়াকে। সকালে দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি ভারত। মধ্যাহ্নভোজনের বিরতির পর ৫৯ রানে ফেরেন অজিঙ্কা রাহানে। তার আগে চতুর্থ উইকেটের জুটিতে ১৭৮ রান যোগ করে কোহালি-রাহানে জুটি। চায়ের বিরতির সময় চার উইকেটে ৪৭৩ রান উঠে গিয়েছিল স্কোর বোর্ডে। কোহালি খেলছিলেন ১৯৪ রানে। সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা (২৫)। পঞ্চম উইকেটের জুটিতে জাদেজার সঙ্গে শেষ পর্যন্ত ২২৫ রান যোগ করলেন কোহালি। জাদেজা ছয় মারতে গিয়ে আউট হলেন ৯১ রানে। তার ১০৪ বলের ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছয়। জাদেজা ফিরতেই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন কোহালি।
সকালে তিন উইকেটে ২৭৩ নিয়ে শুরু করেছিল ভারত। দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহালি (৬৩) ও অজিঙ্কা রাহানে (১৮) শুরু করেছিলেন সতর্ক ভাবে। প্রোটিয়া পেসাররা দ্বিতীয় নতুন বলে উজাড় করে দিলেও ভাগ্যের সাহায্য পাননি। ফিলান্ডারের বলে কোহালির খোঁচা একবার উইকেট কিপারের বাড়ানো হাতের নাগাল এড়িয়ে যায়। রাহানের খোঁচাও একবার ফিল্ডারের সামনে পড়ে। ৮৬ রানে থাকার সময়ও কোহালির ব্যাট ছুঁয়ে দ্বিতীয় স্লিপের পাশ দিয়ে বেরিয়ে যায় বল। তার আগে কেশব মহারাজের দিনের প্রথম বলে রাহানের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন ওঠে। ডিআরএস নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু বল লেগস্ট্যাম্প লাইনের বাইরে পড়ায় বেঁচে যান রাহানে।
স্কোরবোর্ড: ক্রিকবাজ থেকে সংগৃহীত
১৯৮ রানে তৃতীয় উইকেট পড়েছিল ভারতের। ১০৮ করে ফিরেছিলেন ময়াঙ্ক আগারওয়াল। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে কোহালি-রাহানে দেড়শোর বেশি রান যোগ করে ফেলেছেন। কোহালি আবার অন্য এক কীর্তিও করে ফেললেন এ দিন। টেস্টে মোট রানে টপকে গেলেন দিলীপ বেঙ্গসরকরকে (৬৮৬৮ রান)। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে মোট রানে তিনি এখন সপ্তম।
ইত্তেফাক/এসি