ইউয়ানের মূল্য এক দশকের নিম্নে নেমে যাওয়ার আশঙ্কা
চীনের মুদ্রা ইউয়ান গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি দর হারাবে বলে আশঙ্কা করছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চলমান বাণিজ্য যুদ্ধ চলতে থাকলে খুব শিগিগর ইউয়ানের দর ডলারের বিপরীতে এমনভাবে কমে যেতে পারে যেটি ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় হয়েছিল। বর্তমানে প্রতি ডলার পেতে চীনের খরচ করতে হয় ৭.১৫ ইউয়ান। এটি যেহারে দর হারাচ্ছে তাতে ডলারের বিপরীতে ইউয়ানের মূল্য এক দশকের নিম্ন পর্যায়ে নেমে আসতে পারে।
০০০
ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের শিকার এশিয়ার অনেক দেশ
কাঠমান্ডু থেকে শুরু করে কলম্বো পর্যন্ত এশিয়ার এ অঞ্চলের সব দেশই পেঁয়াজের ঝাঁজ ভালোভাবেই টের পাচ্ছে। গত কয়েকদিনে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বাজারে পেঁয়াজের দাম দ্বিগুণের মতো হয়ে যায়। এর পেছনে মূল কারণ ছিল ভারতে বর্ষা মৌসুম শেষ হওয়ার পরও তুমুল বৃষ্টিপাতের কারণে দেশটি পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেয়। এরপরই শুরু হয় দাম বৃদ্ধি। অবশ্য ভারত রপ্তানি নিষিদ্ধ করার পর পেঁয়াজ আমদানিকারক দেশগুলো মিয়ানমার, চীন, তুরস্ক এবং ইরান থেকে তা আমদানি করার পদক্ষেপ নেয়।
০০০
জোর করে কাজ করানোর অভিযোগে আমদানি বন্ধ যুক্তরাষ্ট্রে
জোর করে কাজ করানোর অভিযোগ এনে পাঁচ দেশ থেকে কয়েকটি পণ্য আমদানি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) গেল সপ্তাহে পাঁচ ধরনের পণ্য আটকে দেয় জোর করে কাজ করানোর মাধ্যমে পণ্য উত্পাদন করার অভিযোগে। প্রতি বছর ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের জোরপূর্বক শ্রম দ্বারা তৈরি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করে বলে জানিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান হিউম্যান ট্রাফিকিং ইনস্টিটিউট। ২০১৬ সালের এ বিষয়ক আইন প্রণয়নের পর থেকে এখন পর্যন্ত ছয় দশমিক তিন মিলিয়ন ডলারের জোরপূর্বক শ্রম দ্বারা তৈরি পণ্য আমদানি আটকে দিয়েছে সিবিপি। পাঁচ দেশের মধ্যে রয়েছে এশিয়ার চীন ও মালয়েশিয়া, আফ্রিকার জিম্বাবুয়ে ও কঙ্গো প্রজাতন্ত্র এবং লাতিন আমেরিকার ব্রাজিল।
—নাঈমা সুলতানা