সিইসি কিছুই করতে পারছেন না বলেই বিব্রত: সেলিমা রহমান

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ‘আমাদের মনে হয়, সিইসি কিছুই করতে পারছেন না বলে তিনি অসহায় ও বিব্রতবোধ করছেন। তবু আমরা আশা করছি-সিইসি সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। তাহলে আমরা এ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে প্রমাণ করতে পারব।’ 

বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, গত ১০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় হামলা ও বাধা দেয়ার ঘটনা ঘটছে।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার শুরুতেই আমাদের মহাসচিবের গাড়িবহরে আক্রমণ করা হয়েছে। ব্যারিস্টার মওদুদের প্রচারণায় বারবার হামলা করা হচ্ছে। মঈন খানের এলাকায় হামলা চালানো হচ্ছে। পুলিশের সহায়তায় আওয়ামী ও যুবলীগ মিলে এ হামলা করছে।

আরো পড়ুনঃ নকআউট পর্ব সহজ নয়, রোনালদোর সতর্কতা

তিনি আরো বলেন, এসব ঘটনা জানাতে আজ আমরা এসেছি। কারণ সিইসি বলেছিলেন-আমরা লেভেল প্লেয়িং ফিল্ড দেব। সবাই সমান সুযোগ পাবে। আর এ কারণেই এ বিষয়গুলো আমরা কমিশনকে জানালাম।

ইত্তেফাক/কেকে