বিজয় দিবসের নাটক ‘বাবা আসবেন’

মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা আমাদের সৃষ্টিশীলতায় প্রভাব ফেলবে—এটাই স্বাভাবিক। মুক্তিযুদ্ধের সেই গল্পের কথা প্রজন্ম থেকে প্রজন্মকে জানাতে প্রতিবছরই বিজয় দিবস উপলক্ষে নির্মিত হয় বেশকিছু নাটক ও টেলিফিল্ম, যা সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রচার করে থাকে। এবারের বিজয় দিবস উপলক্ষে নির্মিত ‘বাবা আসবেন’ নাটকটি প্রচারিত হবে এনটিভিতে। এই নাটক নিয়ে লিখেছেন খালেদ আহমেদ

আশা নামের মেয়েটি মুক্তিযুদ্ধের সময়ে নির্যাতিত সব নারীর প্রতীক। যে একটি আশ্রমে বসে তার অতীত স্মরণ করার চেষ্টায় মগ্ন থাকে। এই আশ্রমের নেত্রী মায়ের মমতা দিয়ে পাকিস্তানি ক্যাম্প থেকে উদ্ধার করা মেয়েদের পাশে দাঁড়ায়। এ আশ্রমে আশার মতো আরও অনেক মেয়েই আছে। মুক্তিযোদ্ধা ইউসুফ আশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জ্ঞান ফেরার পর এই আশ্রমে ঠিকানা হয় আশার। ধীরে ধীরে আশার সব অতীত মনে পড়তে থাকে। তার পরিবার, বাবা-মা, ভাই-বোন সবার কথা। তার বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়। আশা পথ চেয়ে থাকে তার বাবার জন্য। যুদ্ধ পরবর্তী স্বাধীন দেশে আশার পরিবার, সমাজ আশাদের কীভাবে গ্রহণ করবে? আশার বাবা কি পারবে নিজের মেয়েকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয় দিবসের নাটক ‘বাবা আসবেন’। কথাসাহিত্যিক আনিসুল হকের রচনা ও হাবীব শাকিলের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, অরুণা বিশ্বাস, এটিএম রাসেল, মাসুম  বাশার, জয়ী ও ইমা প্রমুখ। এই নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘নাটকটির গল্প দর্শককে ফিরিয়ে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের সেই সময়। নাটকটিতে অভিনয় করে এতটুকু উপলব্ধি হয়েছে আমার যে আমাদের দেশের মেয়েরা নিজের পরিবার থেকেও কীভাবে কষ্ট পেয়েছে। ধন্যবাদ নির্মাতা শাকিলকে যত্ন নিয়ে এমন গল্পের নাটকটি নির্মাণ করার জন্য। ধন্যবাদ অরুণা দিদিকে, তিনি সবসময়ই আমাকে সহযোগিতা করেন।’ অরুণা বিশ্বাস বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ের অনেক গল্প আমাদের অজানা আছে। এখনো সেইসব অজানা গল্প বা কাহিনি নিয়ে নাটক সিনেমা নির্মিত হয়নি। ঠিক তেমনই একটি অজানা গল্পের নাটক বাবা আসবেন। আমি বিশ্বাস করি নাট্যকালের গল্প বলার ধরনটা দর্শকের ভালো লাগবে। আমার সঙ্গে সহশিল্পী হিসেবে মেহজাবিন চৌধুরী অভিনয় করেছে।’ নাটক প্রসঙ্গে পরিচালক হাবীব শাকিল বলেন, ‘মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের গল্পের নাটক এটি। যুদ্ধপরবর্তী স্বাধীন দেশের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প থেকে উদ্ধার করা একটি মেয়ের পরিণতির গল্প তুলে ধরা হয়েছে এই নাটকে। প্রথমবারের মতো বিজয় দিবসের নাটক নির্মাণ করলাম। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ মহান বিজয় দিবসে রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।