‘অ্যান ইন্সপেক্টর কলস’ ব্রিটিশ নাট্যকার জে বি প্রিসলির লেখা একটি ক্লাসিক নাটক। সোভিয়েত ইউনিয়নের মস্কোতে নাটকটির প্রিমিয়ার হয়েছিল ১৯৪৫ সালে। পরের বছর প্রদর্শিত হয় যুক্তরাজ্যে। গত ৭৩ বছরে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানিসহ আরও অনেক দেশে নাটকটি প্রদর্শিত ও জনপ্রিয় হয়েছে । ১৯১২ সালের প্রেক্ষাপটে লেখা এই গল্পটি কারখানার এক তরুণী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে। খুনের তদন্তের দায়িত্বে থাকা পুলিশ সদস্য এক সম্ভ্রান্ত ইংরেজ পরিবারকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে খুনের মামলাটি সমাধানের চেষ্টা করেন। আর তা করতে গিয়ে বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর ঘটনা। বিশ্বখ্যাত বিউটিব্র্যান্ড ডাভ-এর সহযোগিতায় যাত্রিক প্রোডাকশনের প্রযোজনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। অভিনেতা ও পরিচালক নায়লা আজাদ বলেন, ‘জে বি প্রিসলির এই নাটকটি তত্কালীন সমাজের বৈষম্য ও আর্থিক অবস্থা সম্পর্কে আমাদের পরিষ্কার একটি ধারণা দেয়। তবে ৭০ বছর আগে লেখার পরও আজকের প্রেক্ষাপটে এটি প্রাসঙ্গিক।’
২০১৬ সালের গোড়ার দিকে গুলশান ক্লাবে নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কিন্তু হলি আর্টিজানের ঘটনার পর নাটকটি বন্ধ করতে বাধ্য হয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। এরপর দীর্ঘ বিরতির দিয়ে নতুন কলাকুশলী নিয়ে নতুনভাবে মঞ্চে নেমেছে নাটিকটি। এবার নাটকটিতে অভিনয় করেছেন বায়েজিদ হক জোয়ার্দার, কাজী তৌফিকুল ইসলাম ইমন, মিতুল মাহমুদ, ইরেশ যাকের, সামিনা লুত্ফা, প্রিয়াম সরকার ও ওয়াসি নূর আজম। বেইলি রোডের মহিলা সমিতির মিলনায়তনে ৭ ডিসেম্বর শুরু হওয়া এই নাটকের সাতটি শো হবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। শো শুরু হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। তবে শেষ দুইদিন শুক্র-শনিবার থাকছে দুটি করে শো—বিকেল ৩টা ও সন্ধ্যা ৭টায়।