এবার চেন্নাইয়ে ‘কমলা রকেট’

 

ভারতের চেন্নাইয়ে ‘১৬তম চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’ শুরু হতে যাচ্ছে ১৩ ডিসেম্বর থেকে। উত্সব শেষ হবে ২০ ডিসেম্বর। এ উত্সবে অংশ নিচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’। ছবিটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। এটি তার প্রথম চলচ্চিত্র নির্মাণ। একই মাসে মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য থার্ড আই ১৭তম এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে ‘কমলা রকেট’। উত্সবটি শুরু হবে ১৪ ডিসেম্বর। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। উত্সবের শেষ দিন ছবিটি ‘স্পেক্ট্রাম এশিয়া’ বিভাগে দেখানো হবে। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। এ ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে দেখা গেছে, ‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। স্টিমারটির গল্পই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বিশ্বব্যাপী। বিভিন্ন ফেস্টিভ্যালে ছবিটির অংশগ্রহণ সম্পর্কে মিঠু বলেন, ‘গেল অক্টোবরে ‘কমলা রকেট’ নিয়ে প্রথম গেলাম শ্রীলঙ্কায়। সেখানে ‘জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এ ‘কমলা রকেট’ ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার অর্জনের পাশাপাশি বেশ প্রশংসিতও হয়েছে। এরপর গেল নভেম্বর মাসে গোয়া ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি খুব প্রশংসিত হয়েছে। তবে ছবিটি পুরস্কার প্রাপ্তির চেয়ে প্রশংসা পাওয়াই আমার জন্য বিরাট প্রাপ্তির বিষয়।’ এ ছবিতে আরও অভিনয় করেছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ।