জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সরকার পতন নিয়ে ফেসবুকে লাইভে এসে অশালীন বক্তব্য ও স্ট্যাটাস দেওয়ায় টুঙ্গিপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল হক বিশ্বাস বাদি হয়ে শুক্রবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
মামলার আসামি ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের ছাত্র মামুন ভূঁইয়া ওরফে মারজানকে (২০) পুলিশ গ্রেফতার করেছে। এ মামলার অপর আসামি মো. জাহিদ শেখকে মিল্কভিটা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মারজান (২০) টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের আইয়ুব আলী ভুঁইয়ার ছেলে এবং জাহিদ শেখ (২৬) পাচকাহনিয়া গ্রামের জিলু শেখের ছেলে।
আরও পড়ুন: শত বছরের লক্ষ্মী প্রতিমার হাট
মামলার এজাহারে বলা হয়, মামুন ভূঁইয়া ওরফে মারজান ও জাহিদ শেখ বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা নিয়ে ফেসবুক লাইভে বঙ্গবন্ধু, ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সরকার পতন নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে প্রচার করে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ কে.এম এনামুল কবীর জানিয়েছেন, মামলা দায়েরের পর মারজানকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এসি