তরুণ প্রতিভাময়ী কণ্ঠশিল্পী সিঁথি সাহা বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যে নতুন দুটি মৌলিক গানের মিউজিক ভিডিওর কাজ শেষে ঢাকায় ফিরেছেন। নতুন দুটি গান হচ্ছে ‘তুমি নেই’ ও ‘দৃষ্টি’। গান দুটি লিখেছেন জন এবং সুর করেছেন সায়ীদ, সংগীতায়োজন করেছেন কলকাতার অমিত চ্যাটার্জি। দুটোই তার একক গান বলে জানিয়েছেন সিঁথি সাহা। এরইমধ্যে এই দুটো গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে কক্সবাজারের মনোরম লোকেশনে। নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। নতুন গান প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘নতুন দুটো গান নিয়েই আমি অনেক আশাবাদী। গানের কথা, সুর ও সংগীতায়োজন সবার মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। তা ছাড়া এখন যেহেতু মিউজিক ভিডিও একটি বড় বিষয়, তাই সেই ভাবনা থেকে মিউজিক ভিডিও বেশ ভালোভাবেই নির্মাণ করা হয়েছে।’ সিঁথি সাহা জানান, আগামী বছরের ভালোবাসা দিবসে গানদুটি শ্রোতা-দর্শকের জন্য প্রকাশ করবেন।