বিজয়ের স্মরণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মো. আমিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

 

মহান বিজয় দিবসকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর দিনব্যাপী সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবে ফেসবুকভিত্তিক গ্রুপ ‘শিক্ষানগরী সৈয়দপুর’-এর আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে বিভক্ত হয়ে সৈয়দপুরের বিভিন্ন আর্ট একাডেমির ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজিত আলোচনা সভায় সৈয়দপুর রঙ তুলি আর্ট একাডেমির পরিচালক জাহিদ আত্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষানগরী সৈয়দপুরের সদস্য আমির খান, মোবারক রাসেল, খন্দকার আবিদা, বাঁধন খান, আলমগীর হোসেন, শিবলী আক্তার হেনা প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

উল্লেখ্য, শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্যে ২০১৫ সাল থেকে নীলফামারীর সৈয়দপুরে কাজ আসছে ২২ হাজার সদস্যের জনপ্রিয় ফেসবুক গ্রুপ শিক্ষানগরী সৈয়দপুর। এর মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও সাময়িকী প্রকাশনা অন্যতম। এছাড়াও অনলাইনে প্রতি মাসে এই গ্রুপটির পক্ষ থেকে আয়োজন করা হয় মাসিক গল্প লেখা প্রতিযোগিতা ও সোনামনিদের ছড়া আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম।