আশুলিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

নিহত দ্বীপ দাস (২৭) আশুলিয়ার জিরানী এলাকার নিলু দাসের ছেলে।

আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু জানান, মঙ্গলবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে নবমীতে পূজা দেখে দুই ভাই দ্বীপ দাস ও মিঠু দাসসহ ৩ জন একটি ভ্যানে করে আশুলিয়ার জিরানীর টেংগুড়ি কোনাপাড়ায় নিজ বাড়িতে ফিরছিল। এসময় তারা কবিরপুর বেতার কেন্দ্র এলাকায় পৌছলে ৭/৮ জনের অস্ত্রধারী একদল ছিনতাইকারী তাদের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে ৩ জনই জখম হয়। এদের মধ্যে গুরুতর আহত হয় দ্বীপ দাস। পরে  স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের ভর্তি করে। এদের মধ্যে দ্বীপ দাসের অবস্থা আশংকা জনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। পরে শনিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন: কাশ্মীরে ফের গ্রেনেড হামলা, আহত ৭

এ ঘটনায় নিহত দ্বীপ দাসের বাবা নিলু দাস বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/বিএএফ