রংপুরে শিশুধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রংপুরের কাউনিয়াতে শিশুধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. রাসেল মিয়া (২২)। উপজেলার উত্তর বাহাগীলা গ্রামে তার বাড়ি। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজিবুর রহমান।

এদিকে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর বিকেলে ছয় বছরের শিশুকে খেলনা কিনে দেয়ার কথা বলে রাস্তা থেকে ডেকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন আসামি রাসেল মিয়া। এ ঘটনায় রাসেলকে আসামি করে ওই শিশুর বাবা সংশ্লিষ্ট থানায় মামলা করেন। পরে পুলিশ রাসেলকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ওই মামলায় আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। দীর্ঘদিন শুনানির পর রবিবার রায় প্রদান করা হয়। এদিকে আসামি পক্ষের আইনজীবী মেজাহারুল ইসলাম বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

ইত্তেফাক/আরকেজি