ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেল ৬ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠান

গতকাল (বুধবার) বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো ডিজিটাল বাংলাদেশ দিবস। এই আয়োজনের অন্যতম আকর্ষণীয় অংশ ছিল তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন অবদানের জন্য সন্মাননা প্রদান অনুষ্ঠান। এই পর্বে ৬ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানকে দেয়া হলো ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পুরস্কার। সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে এই সম্মাননা দেয়া হয়।

গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। ২০০৮ সালের ১২ ডিসেম্বর রূপকল্প ২০২১ এবং ডিজিটাল বাংলাদেশের ঘোষণাপত্র প্রণয়নের সময় ভূমিকা রাখা ও ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে সহযোগিতার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সম্মাননাপ্রদান করা হয়। এছাড়াও, তথ্য প্রযুক্তি উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে অবদানের জন্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটিএম ইমাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান ও বাংলাদেশ আওয়ামী লীগে এর সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন এই সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), ওয়ালটন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, ডিএমপি’র সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

দেশব্যাপী উদযাপন করা হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮’ এর কার্যক্রম। গত বছর প্রথমবার দিনটি ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে পালন করা হয়। যদিও এবছর দিবসটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’।

দিনব্যাপী এই আয়োজন রোবো ওয়ার, পাজল গেইম শো, প্রদর্শনী, অনলাইন প্ল্যাটফর্মে রচনা প্রতিযোগিতা, জেলা উপজেলায় চিত্রাঙ্কন ও ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভা।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে  অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে জাতীয়ভাবে তথ্যপ্রযুক্তি দিবস পালনের প্রস্তাবের প্রেক্ষিতে অনুমোদন দেয়া হয়েছিল। এর পর থেকে পর পর দুই বছর পালিত হচ্ছে দিবসটি।