আইপিএল নিলামে শুধু মুশফিক-রিয়াদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম থেকে ছেটে ফেলা হল সাত বাংলাদেশির নাম। থাকলেন কেবল দুজন। তারা হলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাদ সাতজন হলেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, লিটন দাস ও নাঈম হাসান।

আটটি ফ্র্যাঞ্চাইজির রিভিউ শেষে এমনটি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। এ ছাড়া সাকিবকে আগে থেকেই দলে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। আগামী ১৮ ডিসেম্বর জয়পুরে নিলাম অনুষ্ঠিত হবে। আগামী বছরের ২৯ মার্চ শুরু হবে আইপিএলের দ্বাদশ আসর।

প্রাথমিকভাবে আইপিএলের পরবর্তীতে নিলামে নাম ছিলো ১,০০৩ জন খেলোয়াড়ের। সেখান থেকে এই সংখ্যা নেমে এসেছে ৩৪৬-এ। এর মধ্যে বাংলাদেশের দুজন ছাড়াও ভারতের ২২৬ জন, দক্ষিণ আফ্রিকার ২৬ জন, অস্ট্রেলিয়ার ২৩ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৮ জন, ইংল্যান্ডের ১৮ জন, নিউজিল্যান্ডের ১৩ জন, আফগানিস্তানের ৮ জন, শ্রীলঙ্কার ৭ জন, জিম্বাবুয়ের ২ জন এবং যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের একজন করে খেলোয়াড় আছেন।

এই তালিকা থেকে ৭০ জনকে দলে ভেড়াতে পারবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ ইতোমধ্যে আগের আসরের স্কোয়াড থেকে কিছু খেলোয়াড় ছেড়ে দিয়ে বাকিদের দলে রেখে দিয়েছে দলগুলো।

আরো পড়ুন: আম্বানির টাকায় মঞ্চ মাতালেন বিয়ন্স

গেল আসরের আইপিএল বাংলাদেশ থেকে খেলেছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিবকে সানরাইজার্স হায়দারাবাদ রেখে দিয়েছে। আসন্ন আসরে মুস্তাফিজকে আকর্ষণীয় এ টুর্নামেন্টে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিলামের প্রাথমিক তালিকায় বাংলাদেশ থেকে ১০ খেলোয়াড়ের নাম ছিলো। সেই সংখ্যা কমে এখন দু’জন। তারা হলেন- মুশফিক ও মাহমুদুল্লাহ। নিলামে মুশফিক ও মাহমুদুউল্লাহর ৫০ লাখ রুপি বেজ প্রাইজের তালিকায় রাখা হয়েছে। মুশফিক আছেন উইকেটরক্ষক ক্যাটাগরিতে এবং মাহমুদউল্লাহ আছেন অলরাউন্ডার ক্যাটাগরিতে।

ইত্তেফাক/জেডএইচ