’৭০ সালের মতো দেশে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এবারের নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিজয় মানেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়, জনগণের বিজয়।’
তিনি বুধবার বিকেলে জেলার শাহজাদপুরের জামিরতা কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সন্ধ্যার পর তিনি ১৪ দলের নেতাদের সাথে নিয়ে শাহজাদপুর কলেজ মাঠে উপজেলা উপজেলা বণিক সমিতি আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তব্য দেন।
জামিরতা কলেজ মাঠে অনুষ্ঠিত এ বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পোরজোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল। জনসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় ১৪ দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, গণআজাদী লীগ সভাপতি এস কে শিকদার, জাপা (মঞ্জু) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদ নেতা রেজাউর রশিদ খান, হাসিবুর রহমান স্বপন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু, সাজ্জাদ হায়দার লিটন। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ জনসভার মধ্য দিয়ে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হলো।
আরো পড়ুনঃ ৩০ ডিসেম্বর পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, সরকারি সুযোগ সুবিধা ছাড়াই মোহাম্মদ নাসিম ব্যক্তিগত নিরাপত্তা ও পতাকাবিহীন ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে জামিরতা কলেজ মাঠে জনতার ঢল নামে। কলেজ মাঠ কানায় কানায় ভরে যায়।
বিশাল এ নির্বাচনী জনসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্যও তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে