জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নাট্যচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ে মুক্তমঞ্চ স্থাপিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে এ মুক্তমঞ্চ স্থাপিত হবে। এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি প্রস্তাবনা পেশ করেছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. মো. কামালউদ্দিন খান সাধারণ শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বরাবর একটি প্রস্তাবনা পেশ করেন। এ সময় উপাচার্য বিষয়টি নিয়ে তার ইচ্ছা প্রকাশ করেন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।
জানা যায়, ২০০৫ সালে জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার ১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য কোন উন্মুক্ত স্থান বা মুক্তমঞ্চ ছিল না। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভাগের সংস্কৃতিমনা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড বাস্তবায়নে উন্মুক্ত একটি মঞ্চ স্থাপনের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা করে। যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে মুক্তমঞ্চ স্থাপন করার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: নান্দাইলে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার
শিক্ষার্থীরা বলে, মুক্তমঞ্চ স্থাপন করলে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চার পথ আরও একধাপ এগিয়ে যাবে।
ইত্তেফাক/এএএম/নূহু