পারিবারিক কলহের জেরে বাবা খুন

পাবনার চাটমোহরে পারিবারিক কলহের জেরে ছেলের ইটের আঘাতে বাবা খুন হয়েছেন। উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম খন্দকার আনোয়ার হোসেন (৫৭)। তিনি পেশায় পোস্টমাস্টার। ঘটনার পর থেকে ছেলে ইসমাইল (২৮) পলাতক রয়েছেন। তিনি ব্রয়লার মুরগির ব্যবসা করেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কথা হচ্ছিল বাবা-ছেলের মধ্যে। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ইসমাইল হোসেন ইট দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

এসময় তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে ইসমাইল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আনোয়ারকে চাটমোহর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চাটমোহর থানার ওসি শেখ মোহম্মদ নাছির উদ্দিন জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি।

ইত্তেফাক/আরকেজি