পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা হলে পুলিশ এক যুবককে আটক করেছে। গণধর্ষনের ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর গ্রামে। বুধবার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার মথুরাপুর গ্রামের ১০ম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে (১৬) উত্যক্ত করতো একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন (২০)। এ অবস্থায় ওই স্কুলছাত্রী ঢাকায় চলে যায়। সম্প্রতি এসএসসি নির্বাচনী পরীক্ষা শুরু হলে সে চাটমোহরে আসে এবং স্কুলে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়।
গত শুক্রবার দিবাগত রাতে পলিটেকনিকের ছাত্র আরিফ তার অপর ২ বন্ধু একই গ্রামের শাহাদত হোসেনর ছেলে জমির উদ্দিন (১৮) ও আজাহার আলীর ছেলে সুমনের (২০) সহায়তায় ওই স্কুলছাত্রীকে অপহরণ করে সুমনের বাড়িতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ওই স্কুলছাত্রী বাড়িতে এসে তার মা-বাবাকে ঘটনাটি জানায়।
ঘটনার জানার পর ওই স্কুলছাত্রীর পরিবার স্থানীয় প্রধানদের জানায়। কিন্তু কোন সমাধান না পেয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ওই স্কুলছাত্রী চাটমোহর থানায় এসে উক্ত ৩ জনের নামে ধর্ষণের অভিযোগ করে।
এরপর থানার ওসি সেখ নাসীর উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেনকে আটক করেন। বুধবার আটক আরিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাটমোহরে ছেলের হাতে পিতা খুন
ওসি সেখ নাসীর উদ্দিন জানান, থানায় মামলা হওয়ার পর একজনকে আটক করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু