অভিনয়ে ব্যস্ততা

মা হ মু দু ল  আ মি ন

 

সামিয়া অথৈর মিডিয়ায় যাত্রা শুরু হয় গত বছর। লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৮-এর সেকেন্ড রানার্স আপ খেতাব পাওয়ার পর অভিনয়ে নাম লেখান। মানসম্পন্ন কয়েকটি নাটকে ভালো অভিনয়ের জন্য সবার নজর কাড়েন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘যুবকের মন ভালো নেই’ শিরোনামের একটি নাটকে। সত্য ঘটনা অবলম্বনে আহমেদ তৌকীরের রচনায় নাটকটি নির্মাণ করেন নিলয় মাসুদ। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সামিয়া অথৈ বলেন, ‘এ নাটকে যুবক চরিত্রে অভিনয় করেছে শাওন। আমি তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছি। যে কারণে তার স্বাভাবিক জীবন অস্বাভাবিক হয়ে ওঠে, সেখান থেকে বের করে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করি আমি। নিলয় মাসুদ বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। যেহেতু সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে, তাই আমার অনুরোধ থাকবে নাটকটি সবার দেখার জন্য। তাতে আমরা সচেতনও হতে পারব।’ জানা যায়, নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। সামিয়া এর মধ্যে মোস্তফা কামাল রাজের নির্দেশনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। লাক্স তারকা হওয়ার পর তার অভিনীত প্রথম নাটক ছিল ইমেল হকের ‘তুমি কোন কাননের ফুল’। ফেরদৌস হাসান রানা পরিচালিত ধারাবাহিক নাটক ‘মায়া’তে সামিয়া প্রথম অভিনয় করেন। এতে তিনি আবুল হায়াত, মমর সঙ্গে অভিনয়ের সুযোগ পান। এআইইউবি থেকে সম্প্রতি ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করেছেন সামিয়া। এখন অভিনয়েই বেশি মনোযোগ দিতে চান তিনি।