আগামী ১৮ অক্টোবর গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। এই দিনটিকে সামনে রেখে সংগীতশিল্পী শফিক তুহিন একটি বিশেষ গান তৈরি করেছেন। এর কথা এমন, ‘গিটার মানে তুমি আর তুমি মানেই গিটার, তোমাকে ছাড়া তারুণ্য উন্মাদনার মূল্য আছে কি তার?’ শফিক তুহিনের গাওয়া এই গানের শিরোনাম ‘গিটার জাদুকর’। আজ এই গানটির অডিও-ভিডিও প্রকাশ পাবে গান বাংলা টিভির সহযোগী প্রতিষ্ঠান ওয়ান মোর জিরোর ব্যানারে। এ প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘বস মাথার ওপর হাত না রাখলে হয়তো সংগীতের এই পর্যন্ত আসা হতো না আমার। তার অনুপস্থিতিতে আমার মনটা জ্বলে। মূলত তার স্মৃতি আর ঋণের জালের আটকা পড়েই এই গানটি তৈরি করা।’ এদিকে গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর তৈরি করেছেন শফিক তুহিন নিজেই।