এবার রুপালি পর্দায়...

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

ছোট পর্দা থেকে এসে বলিউডের রুপালি পর্দার নায়িকা হয়েছেন অনেকেই। কেউ খ্যাতি ও জনপ্রিয়তার পরিধি বাড়িয়েছেন, আবার কেউ একটি-দুটি সিনেমায় কাজ করে বড়ো পর্দা থেকে হারিয়ে গেছেন। কিন্তু তারপরও টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীদের বলিউডে আনাগোনা থেমে নেই। এ সপ্তাহে আসছে হরর ধাঁচের নতুন সিনেমা ‘ঘোস্ট’। বিক্রম ভাট পরিচালনা করেছেন গা ছমছম করা গল্পের সিনেমাটি। হরর সিনেমা নির্মাণে বলিউডে খ্যাতি ও জনপ্রিয়তা রয়েছে তার। ইংল্যান্ডের পটভূমিতে নির্মিত হয়েছে এ ছবি। প্রবাসী এক ভারতীয় ব্যবসায়ী নিজের স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য আইনজীবী সিমরান সিংকে নিয়োগ করে সেই ভারতীয় ব্যবসায়ী করণ খান্না। তিনি সিমরানকে জানায়, অশরীরী অতিপ্রাকৃত কোনো শক্তি তাকে এই হত্যাকাণ্ডে উদ্বুদ্ধ করেছে। এরপর মামলাটি পরিচালনা করতে গিয়ে সিমরান রোমহর্ষক নানা ঘটনার মুখোমুখি হয়। আইনজীবী সিমরান সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার এক সময়ের দারুণ জনপ্রিয় অভিনেত্রী সানায়া ইরানি। নায়িকা হিসেবে বড়ো পর্দায় এটা তার জন্য বিরাট একটি ব্রেক বলা যায়। ৩৬ বছর বয়সী সানায়া ১৩ বছর আগে, অর্থাত্ ২০০৬ সালে আমির খান-কাজল অভিনীত ‘ফানা’ ছবিতে একটি ছোট্ট রোলে অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘদিন তাকে সিনেমার পর্দায় আর দেখা যায়নি। তবে গত বছর তাকে দুটি ছবি ‘ডাম ডাম ডুমরো’ ও ‘পিহু’তে দেখা গেছে। গত বছর দুটি ওয়েব সিরিজ ‘ভদকা শটস’ ও ‘জিন্দাবাদ’-এ অভিনয় করেছেন সানায়া। ধারণা করা হচ্ছে, ‘ঘোস্ট’ ছবিটি তার অভিনয়জীবনে নতুন মোড় সৃষ্টি করতে চলেছে।